আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনায় ট্রাকের ধাক্কায় পুলিশের একজন সদস্য নিহত হয়েছেন। নিহত পুলিশ সদস্য হলেন, মুসাব্বির হোসেন। তিনি খুলনার খালিশপুর জোনের সহকারী পুলিশ কমিশনারের দেহরক্ষী ছিলেন। ২১ নভেম্বর সোমবার সকাল পৌনে ১০ টার দিকে খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন মিনাক্ষী সিনেমা হলের সামনে উক্ত ঘটনাটি ঘটে।
খুলনা ট্রাফিক বিভাগের এটিএসআই জি এম খালিদুর রহমান বলেন, সকালে তিনি মিনাক্ষী সিনেমা হলের সামনে কর্মরত ছিলেন। সকাল পৌনে ১০ টার দিকে মুসাব্বির তাঁর ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে মিনাক্ষী সিনেমা হলের সামনে পৌছান। এ সময়ে পেছন থেকে একটি ট্রাক তার মোটরসাইকেলে ধাক্কায় দেয়। মুসাব্বির রাস্তার ওপর পড়ে যান। ট্রাকের একটি চাকা তার শরীরের ওপর উঠে যায় এবং তাকে টানতে টানতে ৭ গজ দুরে নিয়ে যায়।
তিনি আরও বলেন, সকালে মুসাব্বির ফায়ারিংয়ের জন্য ডাকাতিয়ার বিলের উদ্দেশ্যে যাচ্ছিলেন। তাকে উদ্ধার করে স্থানীয়দের সহায়তায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। কিন্তু হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ ( ওসি ) কাজী কামাল হোসেন বলেন, ঘটনাস্থল থেকে ট্রাকের হেলপার আলম শেখকে আটক করা হয়েছে। তবে চালক ট্রাক রেখে পালিয়ে যায়। ট্রাকটি পুলিশের হেফাজতে রাখা হয়েছে । আটককৃত আলম শেখ পাবনার হেমায়েতপুর এলাকার জনৈক মোসলেম শেখের ছেলে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উক্ত ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছিল ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com