শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়নে ৮নং ওয়ার্ডের দক্ষিণ পাইকশা এলাকায় ইট সলিংয়ের একটি রাস্তা একযুগেও সংস্কার কাজ হয়নি। দীর্ঘদিন সংস্কারের অভাবে রাস্তাটি নাজুক হয়ে পড়েছে। এতে মানুষের চলাচলে দুর্ভোগের সৃষ্টির পাশাপাশি বেড়েছে দুর্ঘটনার ঝুঁকি। দক্ষিণ পাইকশা কালী সিকদারের বাড়ি থেকে দোগাছি আর্মি ক্যাম্প এলাকার বেপারী বাড়ি পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা খানাখন্দে ভরে গেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ওই এলাকার পুর্বদিকে গোয়ালীমাদ্রা সড়ক ও পশ্চিমদিকে দোগাছি বেপারী বাড়ি হয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সংযোগের রাস্তা এটি। পার্শ্ববর্তী লৌহজং উপজেলার সীমানাবর্তী হওয়ায় রাস্তাটি দুই উপজেলাবাসীর যাতায়াতের জন্য খুবই গুরুত্বপূর্ণ ও সহজতম মাধ্যম এ রাস্তাটি। লক্ষ্য করা যায়, রাস্তার বিভিন্ন অংশে ইট উঠে বিলিন হয়েছে। রাস্তা জুড়ে অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। এছাড়া মাঝি বাড়ি সংলগ্ন দুই স্থানে প্রভাবশালীরা রাস্তা কেটে অবৈধভাবে ড্রেজার পাইপের সংযোগ দিয়েছে। বেহাল রাস্তায় বিশেষ করে অসুস্থ রোগী ও বৃদ্ধ মানুষ যাতায়াতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
অটো চালক রমজান, স্থানীয় কৃষক হাসেম মাঝি, আজিজুল হকসহ এলাকাবাসী জানায়, প্রায় ১২ বছর আগে রাস্তায় ইট বিছানো হয়েছে। এর পর আর কোন কাজ হয়নি। রাস্তা সংস্কার না হওয়ার ফলে আমরা দুর্ভোগের শিকার হচ্ছি। এ পরিস্থিতিতে রাস্তায় ইজিবাইক, মোটরসাইকেলসহ অন্যান্য যান চলাচলে অনেকটাই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ভাঙাচূরা রাস্তায় অসুস্থ রোগী, বৃদ্ধসহ শিশুরা যাতায়াতে বেশী সমস্যার সম্মূখিন হচ্ছেন। এছাড়া এলাকার কৃষিপণ্য বাজারজাত করণে আমাদের হিমশিম খেতে হচ্ছে। তবে রাস্তা কেটে ড্রেজার পাইপ সংযোগের বিষয়ে এলাকার কেউ ভয়ে মুখ খুলতে রাজি হননি।
এ সময় লৌহজং উপজেলার বাসিন্দা নজরুল ইসলাম নামে এক পথচারী বলেন, দক্ষিণ পাইকশা গ্রামে একটি সামাজিক অনুষ্ঠানে এসেছি। রাস্তার যে অবস্থা কোন অটোরিক্সা এদিকে যেতে চাচ্ছে না। বাধ্য হয়েই এক কিলোমিটার পথ হেঁটে গোয়ালীমান্দ্রা যাওয়ার সড়কে যাচ্ছি। মানুষের দুর্ভোগ লাঘবে বেহাল রাস্তা সংস্কারের দাবিতে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টজনদের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।
স্থানীয় ইউপি সদস্য মো. সোহেল শেখ এ ব্যাপারে জানান, একদিন স্থানীয় এমপি বেহাল রাস্তা পরির্দশ করে গেছেন। তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন। আশা করছি দ্রæত কাজের টেন্ডার হবে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com