ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার মাঠপর্যায়ে শুরু হয়েছে আমন ধান কাটা-মাড়াইয়ের কাজ। প্রায় ৪ লাখ মেট্রিকটন ধান ঘরে তোলার লক্ষ্যে ব্যস্ত সময় পার করছে কৃষক-শ্রমিকরা। দম ফেলানোর অবস্থা নেই তাদের।
মঙ্গলবার (১৫ নভেম্বর) জেলার প্রত্যন্ত অঞ্চলে দেখা যায়, কৃষকের মাঠে ও বাড়ির উঠানে ধান কাটা-মাড়াইয়ের চিত্র। এসময় কোমর বেঁধে কাজ করছিলেন কৃষক-শ্রমিকরা। একই সঙ্গে বসে নেই গৃহবধূরাও। তারাও সোনার ফসল ঘরে তুলছেন মনের আনন্দে।
জানা গেছে, গত আমন ও বোরো মৌসুমে নদীবেষ্টিত গাইবান্ধায় নানা দুর্যোগে কৃষকের ক্ষয়ক্ষতি হয়েছে। এসব ক্ষতি পুষিয়ে নিতে এ বছরে অধিক পরিমান জমিতে আবাদ করছে আমন ধান। এসব ক্ষেতে দেখা দিয়েছে বাম্পার ফলন। ইতোমধ্যে দেশীয় জাতের ধান কাটতে শুরু করছেন তারা।
কৃষি বিভাগ জানিয়েছে, এ জেলায় আমনের চাষাবাদের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ২৯ হাজার ৫০০ হেক্টর। সেটি ছাড়িয়ে অর্জন হয়েছে ১ লাখ ২৯ হাজার ৬৯৯ হেক্টর। এর মধ্যে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি হয় প্রায় ২ হাজার হেক্টর জমির ধান। অবশিষ্ট ক্ষেত থেকে ৩ লাখ ৮৯ হাজার ৮৫৩ মেট্রিকটন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে।
নজরুল ইসলাম নামের এক ধানকাটা শ্রমিক বলেন, এ এলাকার কৃষকরা ধান কাটা-মাড়াই শুরু করেছে। এখন এ কাজটি করে জীবিকা নির্বাহ করছি।
খলিল মিয়া নামের এক কৃষক জানান, চলতি আমন মৌসুমে দেড় একর জমিতে ধান আবাদ করেন। ফলনও হয়েছে ভালো। এরই মধ্যে ক্ষেত থেকে ধান কাটা শুরু করা হয়েছে। বাজারে দাম ভালো পেলে অনেকটাই লাভবান হওয়া সম্ভব।
কৃষি বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তা তানজিমুল হাসান বলেন, রোপা আমান মৌসুমে কৃষকদের ভালো ফলন পেতে ও লাভবান করতে তাদের পরামর্শ দেওয়া হচ্ছে।
গাইবান্ধা কৃষি সম্প্রাসারণ বিভাগের উপ-পরিচালক বেলাল উদ্দিন জানান, আমন মৌসুমে লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। কৃষকদের প্রণোদনা দেওয়াসহ সার্বিক পরামর্শ অব্যাহত রয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com