বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোনো বাধাই সরকার পতন আন্দোলন ঠেকিয়ে রাখতে পারবে না। রাজপথের লড়াইয়ে নেতৃত্ব দেবে তরুণরা। শনিবার (২২ অক্টোবর) খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশে একথা বলেন তিনি।
সরকারকে হুঁশিয়ার করে ফখরুল বলেন, সরকারকে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। আন্দোলন ছাড়া বিএনপির সামনে আর কোনো উপায় নেই।
এর আগে দুপুর ২টায় শুরু হওয়ার কথা থাকলেও সোয়া ১২টায় কোরআন তিলাওয়াত ও মোনাজাতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। সমাবেশের শুরুতে বিভাগের বিভিন্ন জেলার শীর্ষ নেতারা বক্তব্য দেন। সমাবেশে সভাপতিত্ব করেন খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক ও দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শফিকুল আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এদিকে বিভাগীয় সমাবেশ কেন্দ্র করে সকাল থেকেই সভাস্থলে আসতে থাকেন দলীয় নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ব্যাংক চত্বরের প্রধান সড়কে বাড়তে থাকে কর্মী সমাগম। শুক্রবার রাত থেকেই শহরের আশপাশের ১০ জেলার নেতাকর্মীরা খুলনায় আসতে থাকেন। সভাস্থল থেকে শিববাড়ি মোড় পর্যন্ত দেড় কিলোমিটার এলাকাজুড়ে লাগানো হয় মাইক, ব্যানার আর প্রজেক্টর।
নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন পয়েন্টে বসানো হয় সিসি ক্যামেরা। মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য। কর্মসূচিতে আসা কর্মীরা অভিযোগ করেন, পথে পথে পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ কর্মীরা তাদের বাধা দিয়েছে। কোথাও কোথাও ভয়ভীতি দেখিয়ে ফেরত পাঠানো হয়েছে। তবুও সব বাধা পেরিয়ে সমাবেশে আসছে মানুষ।
বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি আর নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবির পাশাপাশি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদও জানান নেতাকর্মীরা। বর্তমান সরকারের পদত্যাগ দাবি করে বিএনপি নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকবেন তারা। খুলনার পর বরিশাল, সিলেট ও রাজশাহীসহ আরও ৭টি সাংগঠনিক বিভাগে সমাবেশ করার কথা রয়েছে দলটির।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com