ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধা-৫ ফুলছড়ি-সাঘাটা আসনে গত বুধবার উপনির্বাচনে বিভিন্ন অনিয়মের কারণে নির্বাচন কমিশন ভোটগ্রহণ বন্ধ করে দেয়। অনিয়মের কারণগুলো অনুসন্ধানে নির্বাচন কমিশন ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত টিম গঠন করে। আজ বুধবার চলছে ওই টিমের দ্বিতীয় দিনের তদন্ত।
দ্বিতীয় দিনে এই তদন্ত টিম সাঘাটা উপজেলার মাঠ প্রশাসন, ভোটগ্রহণকারী কর্মকর্তাসহ ৫২২ জনকে শুনানির আওতায় নিয়ে আসার মধ্য দিয়ে বন্ধ ঘোষিত গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের অনিয়ম খতিয়ে দেখবেন।
আজ সকাল ৯টায় সাঘাটা উপজেলা নির্বাহী অফিসারের মিলনায়তন এবং সাঘাটা উপজেলা কৃষি অফিসে পৃথক পৃথকভাবে তারা একযোগে তদন্ত কাজ শুরু করেন।
তদন্ত কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। আর সদস্য হিসেবে আছেন যুগ্মসচিব কামাল উদ্দিন বিশ্বাস ও যুগ্মসচিব সাহেদুন্নবী চৌধুরী।
তাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আইডিএ প্রকল্পের উপপ্রকল্প পরিচালক স্কোয়াড্রন লিডার মো. শাহরিয়ার আলম ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল মোত্তালিব।
এদিন তারা সাঘাটা উপজেলার ৪০টি ভোটকেন্দ্রের ৪০ জন প্রিসাইডিং অফিসার, ২৭৮ জন সহকারী প্রিসাইডিং অফিসার, ২০০ জন পোলিং এজেন্ট এবং কর্মকতা ও স্থানীয় সাংবাদিকসহ ৫২২ জনের সঙ্গে ভোটের অনিয়মের বিষয়ে কথা বলবেন।
এ ছাড়া তারা ভোটের দিনের পরিস্থিতি অবগত হবেন। সংশ্লিষ্ট ভোটগ্রহণকারী কর্মকর্তারা সেদিনের ভোটগ্রহণ পরিস্থিতি সম্পর্কে নির্বাচন কমিশনের প্রতিনিধি দলকে অবহিত করবেন।
সিসিটিভি ফুটেজ নিয়ে প্রশ্ন করা হলে, তদন্তের স্বার্থে এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি তদন্ত কমিটি। নির্বাচনী এলকায় বহিরাগতদের উপস্থিতি নিয়ে জানতে চাইলেও একই কথা বলে জানাতে অস্বীকৃতি জানায় তারা।
আগামীকাল বৃহস্পতিবার তদন্ত টিম উপনির্বাচনে অংশ নেওয়া পাঁচ প্রার্থীর সঙ্গে কথা বলবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com