মেহেদী হাসান, খুলনা প্রতিনিধিঃ খুলনার আলোচিত রহিমা বেগম ‘অপহরণ’ মামলায় ২২ দিন পর ৬ জন আসামির মধ্যে চার জন জামিন পেয়েছেন। মঙ্গলবার (৪ অক্টোবর) খুলনা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মাহমুদা বেগম শুনানি শেষে তদের জামিন দেন।
জামিনপ্রাপ্তরা হলেন- মোহাম্মদ মহিউদ্দিন, গোলাম কিবরিয়া, মো. জুয়েল ও রফিকুল ইসলাম পলাশ। এ মামলার আরও দুই আসামি হেলাল শরীফ ও বেলাল ঘটক বর্তমানে কারাগারে আছেন।
মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) কে এম ইকবাল হোসেন তাদের জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ২৭ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে পানি আনতে বাড়ি থেকে নিচে নামেন রহিমা বেগম। এরপর আর বাসায় ফেরেননি তিনি। খোঁজ নিতে গিয়ে সন্তানরা মায়ের ব্যবহৃত জুতা, ওড়না ও কলস রাস্তার ওপর পড়ে থাকতে দেখেন। রাতে সম্ভাব্য সব স্থানে খোঁজ নিয়েও তার সন্ধান মেলেনি। এরপর সাধারণ ডায়েরি ও পরে কয়েকজনের নাম উল্লেখ করে দৌলতপুর থানায় মামলা করেন তার ছোট মেয়ে আদুরি আক্তার।
রহিমা অপহৃত হয়েছেন দাবি করে, ১ সেপ্টেম্বর খুলনায় সংবাদ সম্মেলন করেন পরিবারের সদস্যরা। রহিমার সঙ্গে জমি নিয়ে স্থানীয়দের মামলা চলছে বলেও সে সময় জানানো হয়েছিল। মামলায় আসামিরা হলেন— প্রতিবেশী মঈন উদ্দিন, গোলাম কিবরিয়া, রফিুকল ইসলাম পলাশ, মোহাম্মাদ জুয়েল ও হেলাল শরীফ। আদালত ১৪ সেপ্টেম্বর রহিমা অপহরণ মামলা পিবিআইতে পাঠানোর আদেশ দেয়। এরপর ১৭ সেপ্টেম্বর নথিপত্র বুঝে নেয় পিবিআই।
এ মামলার তদন্তকালে পুলিশ ও র্যাব ১২ সেপ্টেম্বর পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করে। তারা হলেন– খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) প্রধান প্রকৌশল কার্যালয়ের সহকারী প্রকৌশলী মো. গোলাম কিবরিয়া (৪০), রহিমার দ্বিতীয় স্বামী বেল্লাল ঘটক ওরফে বেলাল হাওলাদার (৬০), দৌলতপুর মহেশ্বরপাশা বণিকপাড়া এলাকার মহিউদ্দিন (৫০), রফিকুল ইসলাম পলাশ (৩৬), জুয়েল (৪০) ও হেলাল শরীফ (৪০) । বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে ১৪ সেপ্টেম্বর আদালত মামলাটির তদন্তভার পিবিআইতে পাঠানোর আদেশ দেন।
এরপর নিখোঁজের ২৯ দিন পর ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সদর ইউনিয়নের সৈয়দপুর থেকে রহিমা বেগমকে উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরেরদিন তাকে আদালতে হাজির করা হলে নিজেকে অপহরণের দাবি করেন জবানবন্দি দেন রহিমা বেগম। সেসময় মেয়ে আদুরী আক্তারের জিম্মায় তাকে মুক্তি দেয় আদালত।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com