কুবি প্রতিনিধি:একসময়ের নিয়মিত চিঠি আদান-প্রদানের স্মৃতিকে আবার জীবন্ত করতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একমাত্র গ্রাফিতিভিত্তিক সংগঠন 'বৃত্ত কুবি'র উদ্যোগে স্থাপিত হয় 'চিঠি চত্বর'। আর এই উদ্যোগে সাড়া দিয়ে আঞ্চলিক ডাক অফিস একটি ডাক বাক্স উপহার দেয় দেয় তাদের।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটায় চিঠি চত্ত্বরের সেই ডাক বাক্সে চিঠি ফেলে এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, বৃত্ত কুবির উপদেষ্টা প্রত্নতত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড.মুহাম্মদ সোহরাব উদ্দিন, বৃত্ত কুবির আরাফাত রাফি, মাহফুজ রাব্বি, আখতারুজ্জামান পাভেল, তাওহীদ সানি, কানিজ ফাতেমা সুমিসহ সংগঠনের অন্যান্য সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা।
এই সময় উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, স্কলারশিপের সময় যখন দেশের বাইরে ছিলাম তখন বাবা-মা, প্রিয়জনদের চিঠি পেতাম প্রায় তিন মাস পরপর, সেই সময়ের স্মৃতিগুলা আজ খুব সতেজ হয়েছে এই চিঠি চত্বরের জন্য।
তিনি আরও বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এমন চমৎকার এবং অভিনব কাজ আরও করুক সেটাই আমাদের চাওয়া। বিশ্ববিদ্যালয়ে শুধু পড়াশোনা নয়, এখানে সংস্কৃতি এবং ঐতিহ্যের চর্চাও হতে হবে।
বৃত্ত কুবি'র হেড অফ মার্কেটিং তাওহীদ সানি এই সময় বলেন, 'চিঠির যে প্রচলন ছিলো সেটা এখন হারিয়ে গেছে। তরুণ প্রজন্মকে ঐ যুগের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই বৃত্ত কুবির এই উদ্যোগ।'
প্রসঙ্গত, ২০২১ সালের ২৪ ডিসেম্বর একটি দল হিসেবে আত্মপ্রকাশ করা 'বৃত্ত কুবি' কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত জনপ্রিয় একটি সংগঠন। তাদের নিজস্ব উদ্যোগসহ বিভিন্ন বিভাগ ও হলের উদ্যোগে ক্যাম্পাসের নানা জায়গায় গ্রাফিতি বা দেয়ালচিত্র অংকন করে সুনাম অর্জন করে আসছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com