মুন্সিগঞ্জ

মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ি থেকে ১১ ফুট লম্বা অজগর উদ্ধার

আবু সাঈদ দেওয়ান সৌরভ, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী থেকে ১১ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকালে টঙ্গীবাড়ি উপজেলার গনাইসার এলাকা থেকে অজগরটি উদ্ধার করা হয়।

স্থানীয়দের তথ্য সুত্রে জানা যায়, গনাইসার এলাকার বাবু নামে এক যুবক মাছ ধরার জন্য বিলে জাল পাতে। মঙ্গলবার সকালে গিয়ে দেখে প্রায় ১১ ফুট লম্বা বিশাল আকৃতির অজগর। পরে বাড়ির লোকজন ও স্থানীয়দের সহযোগিতায় সাপটিকে বস্তাবন্দি করে। সাপটির দৈর্ঘ্য প্রায় ১১ ফুট ও ওজন প্রায় ৯ কেজি। পরে বন বিভাগের কর্মকর্তাকে খবর দিয়ে সাপটি হস্তান্তর করা হয়।

এ বিষয়ে উপজেলা বন কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, এটি পাহাড়ি সাপ। প্রায় ১১ ফুট দৈর্ঘ্যের অজগরটি সম্ভবত বন্যার সময় পানির সঙ্গে এ এলাকায় চলে এসেছে। সাপটিকে উদ্ধার করা হয়েছে। বন বিভাগের প্রাণী সংরক্ষণে দায়িত্বশীলদের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

তিনি আরও জানান, একটি সাপ যেহেতু এখানে থেকে ধরা পড়েছে, সম্ভবত এখানে আরও থাকতে পারে। এলাকাবাসীকে সচেতন থাকতে হবে। কোনো বন্য প্রাণী ধরা বা হত্যা করা নিষিদ্ধ। সাপের খোঁজ পাওয়া গেলে বনবিভাগকে জানাতেও অনুরোধ করেন তিনি।

এই বিভাগের আরও সংবাদ