সুব্রত ঢালী সুব্র, স্টাফ রিপোর্টারঃ মোংলা বন্দর জেটিতে প্রথমবারে মতো ভিড়েছে সবচেয়ে বেশি গভীরতা সম্পন্ন কনটেইনারবাহী জাহাজ এমসিসি টোকিও।
চীন থেকে ছেড়ে আসা জাহাজটি বন্দরের ৫ নম্বর জেটিতে ভেড়ে সোমবার দুপুর ২টার দিকে। পরে বিকালে কনটেইনার খালাসের কাজ শুরু হয়।

এ জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট ওশান ট্রেড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ জাহিদ হোসেন জানান, চীনের সাংহাই বন্দর থেকে কনটেইনার বোঝাই করে জাহাজটি ছেড়ে আসে গত ২৫ আগষ্ট তাইওয়ান ও মালয়েশিয়া হয়ে সোমবার দুপুরে মোংলা বন্দর জেটিতে ভেড়ে। এমসিসি টোকিও জাহাজটিতে বিভিন্ন পণ্যবোঝাই সাত হাজার ২৪১ মেট্রিক টন ওজনের ২৮৯টি কনটেইনার এসেছে। এ জাহাজটির গভীরতা ৮ মিটার ও লম্বা ১৮৬ মিটার।
বন্দর সূত্র জানায়, মোংলা বন্দরের যাত্রা শুরু হয় ১৯৫০ সালের ১১ ডিসেম্বর। তবে এ বন্দরে কনটেইনারবাহী জাহাজ আগমন ও পণ্য বোঝাই-খালাস শুরু হয় ১৯৮৫ সালের নভেম্বর থেকে। এর আগে যেসব জাহাজ এসেছে তার সবগুলোই ছিল ৭ মিটার গভীরতা সম্পন্ন কনটেইনার জাহাজ। এবারই প্রথমবারের মতো
৮ মিটার ড্রাফটের জাহাজ বন্দরের জেটিতে ভেড়েছে।
সৈয়দ জাহিদ হোসেন বলেন, এটা বন্দরের জন্য একটা বিশাল অর্জন। মূলত বন্দর চ্যানেলের আউটার বারের ড্রেজিং সম্পন্ন ও ইনার বারে ড্রেজিং চলার কারণেই ৮ মিটার গভীরতার এ জাহাজটি সরাসরি বন্দর জেটিতে আসতে পেরেছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম মুসা বলেন, এখন থেকে এ বন্দরে বড় বড় অধিক গভীরতা সম্পন্ন জাহাজ অনায়াসে আসা-যাওয়া করতে পারবে। এখানে সেই ধরনের সুযোগ-সুবিধা সৃষ্টি করা হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com