মাহবুবুল আলম, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জে যমুনা নদীতে পানি বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে তীব্র নদী ভাঙন। ভাঙন ঠেকাতে বালুভর্তি জিও ব্যাগ ফেলছে পানিউন্নয়ন বোর্ড। তবে অপরিকল্পিত ভাবে জিও ব্যাগ ফেলায় ভাঙন ঠেকানো যাচ্ছে না বলে জানান নদীপারের ক্ষতিগ্রস্থ মানুষেরা।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সুত্রে জানা যায়, গত এক সপ্তাহ ধরে যমুনায় পানি বৃদ্ধির কারনে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জালালপুর গ্রামে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। গত কয়েক দিনে এই গ্রামের অন্তত ১৫টি ঘরবাড়ি নদীতে বিলীন হয়ে গেছে। ভাঙ্গনের মুখে রয়েছে অর্ধশতাধিক ঘরবাড়ি, তাঁত কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠান। স্থানীয় এলাকাবাসী ভাঙনের হাত থেকে রক্ষা পেতে ঘর সহ আসবাবপত্র অন্যত্র সরিয়ে নিচ্ছেন।

জালালপুর গ্রামের ইসমাইল হোসেন, সাদ্দাম হোসেন ও আবুল কালাম আজাদ বলেন, গত কয়েকদিন ধরে যমুনা নদীতে পানি বৃদ্ধির কারণে জালালপুর ১০ নম্বর পয়েন্টে স্রোতে নদী পারের মাটি সরে গিয়ে ভাঙনের সৃষ্টি হচ্ছে।
তারা জানান, পানি উন্নয়ন বোর্ড নদী পারের দুই পাশে বালু ভর্তি জিও ব্যাগ ডাম্পিং করে অনেক
স্থানে মাঝখানে ফাকা রাখে। তীব্র স্রোতে সেই ফাকা জায়গা থেকে ভাঙনের সৃষ্টি হয়ে ডাম্পিং করা জিও ব্যাগ নদীতে বিলীন হচ্ছে। এছাড়া নদীতে যখন পানি বৃদ্ধি পেয়ে ভাঙন শুরু হয় তখন ভাঙনরোধে জিও ব্যাগ ফেলে পানি উন্নয়ন বোর্ড। কিন্তু এতে জিও ব্যাগ ফেলার পর নিচ থেকে বালু সরে গিয়ে ভাঙনের সৃষ্টি হয়। এতে বালু ভর্তি জিও ব্যাগ ফেলা কোন কাজেই আসে না।
শুষ্ক মৌসুমে যদি পারের কিছুটা দূর থেকে জিও ব্যাগ ফেলা হয় তাহলে বর্ষা মৌসুমে আমাদের আর ভিটেমাটি হারাতে হতো না।
একই গ্রামের গৃহবধু সাবিনা খাতুন বলেন, আমার দুইটি কন্যা সন্তান রয়েছে। আমাদের নিজস্ব ঘর-বাড়ি ছিল, নদী ভাঙনে সব হারিয়ে এক প্রতিবেশীর বাড়ীতে ছাপড়া ঘর তুলে বসবাস করছিলাম। যমুনার ভাঙনে সেই প্রতিবেশীর ঘর সহ আমার ছাপড়াও নদীতে বিলীন হয়ে যায়। পরে পাশের বাড়ীর আরেক প্রতিবেশীর বাড়ীতে কয়েকটি টিন কিনে আবার ছাপড়া তুলে থাকতে শুরু করি। এভাবে কয়েক মাস থাকার পর এ ছাপড়াও কয়েকদিন আগে আগ্রাসী যমুনায় বিলীন হয়ে গেছে। বর্তমানে কন্যাদের তার নানার বাড়ী পাঠিয়ে দিয়ে আমি আর আমার স্বামী বালুর ঢিপির ওপর ছাপড়া তুলে বাস করছি। আমাদের টাকা পয়সাও নাই যে দূরে জমি কিনে ঘর-বাড়ি তুলে থাকবো। এখান থেকে বালুগুলো সরিয়ে নিলে পথে থাকা ছাড়া আর উপায় নেই। যাদের পরিবারের সদস্যরা বিদেশ থাকে মেম্বার, চেয়ারম্যানরা তাদের কত কিছুই দেয়, কিন্তু আমরা যে এতো অসহায় আমাদের তাদের চোখে পড়ে না।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের জালালপুর ১০ নম্বর পয়েন্টের দায়িত্বে থাকা উপ সহকারি প্রকৌশলী আব্দুল ওহাব জানান, হঠাৎ যমুনায় পানি বৃদ্ধির কারণে জালালপুর ১০ নম্বর পয়েন্ট এলাকায় ভাঙন দেখা দিয়েছে। ভাঙন ঠেকাতে বালুভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে। এই প্রকল্পের যে ডিজাইন আছে সেই মোতাবেক এর আগে বালুভর্তি জিওব্যাগ ফেলা হয়েছে।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, আগামী আরও কয়েকদিন যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। তবে এই মুহুর্তে বন্যার আশঙ্কা
নেই।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com