প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে অনেক ভারতীয় বীর জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগ দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও দীর্ঘ করবে। মুক্তিযুদ্ধে ভারতবাসী ও দেশটির স্বশস্ত্র বাহিনীর আত্মত্যাগের কথা বাংলাদেশ কখনো ভুলে যাবে না।
বুধবার (৭ সেপ্টেম্বর) দিল্লিতে ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহিদ বা গুরুতর আহত ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর অফিসারদের বংশধরদের ‘মুজিব বৃত্তি’ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশিদের মতো ভারতীয়রাও জীবন দিয়েছেন মুক্তিযুদ্ধে, এই অবদান যাতে কেউ ভুলে না যান, সেই আহ্বান সবার প্রতি। বন্ধুপ্রতিম দেশের এমন আত্মত্যাগের কথা স্মরণ রাখলেই দুদেশের সুসম্পর্ক অটুট থাকবে।
তিনি বলেন, গেল ৫০ বছরে দুদেশের সম্পর্ক মজবুত হয়েছে। প্রতিবেশি দেশের কূটনীতিতে বাংলাদেশ-ভারতের সম্পর্ক বিশ্বে সৌহার্দের নতুন নজির তৈরি করেছে।
শেখ হাসিনা বলেন, ‘এই বন্ধুত্ব যেন চিরদিন অটুট থাকে, সেটাই আমাদের প্রত্যাশা। দুই দেশের মানুষের আর্থসামাজিক উন্নয়ন বজায় থাকুক–এটাই চাওয়া।’
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com