উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসাহের মধ্যদিয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পরম পুরুষ মহা অবতার ভগবান শ্রী কৃষ্ণের ৫২৪৮ তম আর্বিভাব তিথি শ্রী শ্রী জন্মাষ্টমী উপলক্ষে এক আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।
উপজেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ ও খ্রীস্টান ঐক্য পরিষদ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য জননেতা তানভীর ইমাম।
দিবসটি উপলক্ষে (১৯ আগস্ট) শুক্রবার সকাল ১১টায় উল্লাপাড়া পৌর শহরের ঘোষগাঁতী বলরাম জিউ মন্দির অঙ্গন থেকে ধর্মীয় শোভাযাত্রাটি পৌরশহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার মন্দির অঙ্গনের সামনে এসে শেষ হয়।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয় মোঃ মনিরুজ্জামান পান্না, রীবলী ইসলাম কবিতা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফয়সাল কাদের রুমি, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান হাফিজ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঔক্য পরিষদের সভাপতি প্রভাত নন্দী, সাধারণ সম্পাদক অজিত কুমার রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুজিত কুমার ঘোষ, সহ সভাপতি ভজন চৌধুরী, সাধারণ সম্পাদক রতন সরকার প্রমুখ।
শোভাযাত্রা শেষে মন্দির অঙ্গনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তরা বলেন, দ্বাপর যুগের শেষদিকে মহাপুণ্য তিথিতে মথুরা নগরীতে অত্যাচারী রাজা কংসের কারাগারে বন্দি দেবকী ও বাসুদেবের বেদনাহত ক্রোড়ে জন্ম নিয়েছিলেন শ্রীকৃষ্ণ। হিন্দু পুরাণ মতে, ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টম তিথিতে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন।
সনাতন ধর্মালম্বীদের বিশ্বাস পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। তাদের আরও বিশ্বাস, দুষ্টের দমন করতে এভাবেই যুগে যুগে ভগবান মানুষের মাঝে নেমে আসেন এবং সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা করেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com