এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইলে জনতার হাতে দুই অটোরিকশা ছিনতাইকারী আটক হয়েছে। আটককৃত দুই ছিনতাইকারীদের মধ্যে একজন নারী ছিনতাইকারী রয়েছে।
বৃহস্পতিবার (১১ আগষ্ট) দুপুরে ময়মনসিংহ- কিশোরগঞ্জ মহাসড়কে নান্দাইল উপজেলার সামনে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন- নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের চর মহেশকুড়া আবাসন প্রকল্প এলাকার কাঞ্চন মিয়ার ছেলে নাঈম ইসলাম(২২) ও পাশ্ববর্তী ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজভাগ এলাকার আল-আমিনে স্ত্রী শিরিনা খাতুন(৪০)। উপজেলার রসুলপুর মনপাশা গ্রামের আব্দুস সাত্তারের পুত্র মো. সিজিল মিয়া রাতুলের অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যাচ্ছিল তারা।
রাতুল জানায়, ঈশ্বরগঞ্জ উপজেলার খালবলা বাজার থেকে নারীসহ তিন জন যাত্রী তার অটোরিকশায় উঠে। বাসার জিনিসপত্র নেয়ার কথা বলে অটোরিকশা নিয়ে নানান জায়গায় অপরিকল্পিত ভাবে ঘুরাফেরা করতে থাকে। পরে নান্দাইল পৌর শহরে এসে আদর্শ পল্লী এলাকায় ঢুকে একটি বাসা দেখায়। ওই বাসা থেকে চেয়ার ও রেক আনার কথা বলে অটোরিকশা চালক রাতুলকে নিয়ে যায় ওই নারী। বাসার দরজা তালা লাগানো অযুহাত দেখিয়ে অটোরিকশা চালককে দাঁড় করিয়ে ওই নারী দ্রুত অটোরিকশায় উঠে অটোটি নিয়ে পালিয়ে যায়।
পরে অটোরিকশা চালক একজন মোটরসাইকেল আরোহীর সাহায্য নিয়ে পিছনে ধাওয়া করে। উপজেলার সামনে মহাসড়কে অটোরিকশাটি দেখতে পেয়ে ডাক চিৎকারে উপস্থিত জনতা অটোরিকশা ও নারীসহ দুই ছিনতাইকারীকে ঘেরাও করে পুলিশে খবর দিলে পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন, নান্দাইল মডেল থানার এসআই মো. সবুর উদ্দিন। তিনি জানান, নারীসহ দুইজনকে আটক করে থানায় আনা হয়েছে। তাদের আইনি প্রক্রিয়া চলছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com