রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে এক বৃদ্ধ মারা গেছেন। শনিবার (৬ আগস্ট) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (৫ আগস্ট) রাতে হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মৃত দিজেন্দ্রনাথ চন্দ্র দাস (৬৫) রাজশাহী নগরীর বোয়ালিয়া থানা এলাকার বাসিন্দা। তিনি করোনার উপসর্গ নিয়ে দুদিন আগে হাসপাতালে ভর্তি হয়েছেন।
জানা গেছে, রামেক করোনা ইউনিটে শনিবার (৬ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত ভর্তি ছিলেন ১২ জন রোগী। এদের মধ্যে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ছয়জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন পাঁচজন। ভর্তি অন্য একজন করোনা নেগেটিভ। তবে শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজ আরটিপিসিআর ল্যাবে জেলার তিনজনের নমুনা পরীক্ষা হয়েছে। এতে একজনের করোনা শনাক্ত হয়েছে। করোনার শনাক্তের হার ৩৩ দশমিক ৩৩ শতাংশ। ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে একজন রোগী মারা গেছেন। তিনি করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে দুই দিন আগে হাসপাতালে এসেছিলেন। এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে যাননি কোনো রোগী। তবে নতুন রোগীও ভর্তি নেই।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com