সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বন্যার পানি ঢোকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। বিদ্যুৎ সংযোগ না থাকায় চিকিৎসাব্যবস্থায় বিঘ্ন ঘটেছে। শনিবার (১৮ জুন) দুপুর ১২টার দিকে হাসপাতাল প্রাঙ্গণ থেকে নিচতলার ওয়ার্ডগুলোয় পানি ঢুকতে শুরু করে। হাসপাতালের জেনারেটরে পানি ঢোকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, আমরা চেষ্টা করে যাচ্ছি। প্রধানমন্ত্রীর কাছ থেকে পাওয়া সিলেট সিটি করপোরেশনের বিশেষ জেনারেটরটি হাসপাতালে নিয়ে আসার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এতে অন্তত নিবিড় পরিচর্যা কেন্দ্র ও অস্ত্রোপচার বিভাগটি সচল রাখা যাবে।
তিনি আরও বলেন, সকাল পর্যন্ত হাসপাতালে ১ হাজার ৭৬০ জন রোগী ভর্তি ছিলেন। এখন সেটি আরও বাড়তে পারে। তবে হাসপাতালে পানি ঢোকায় কয়েকজন রোগী চলে গেছেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com