দেশের উন্নয়নে ফ্রিল্যান্সাররা অনেক অবদান রাখছেন। দেশের মোট সাড়ে ছয় লাখ ফ্রিল্যান্সার বছরে ৫০ কোটি ডলার রেমিটেন্স আনছেন বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
সোমবার (২৫ এপ্রিল) রাজধানীর গুলশানে বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটির (বিএফডিএস) ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ফ্রিল্যান্সারদের দক্ষতা বাড়াতে সর্বাত্মক প্রয়াস চালাচ্ছে সরকার। ব্রডব্যান্ড ইন্টারনেট এখন ইউনিয়ন পর্যায়ে পৌঁছে গেছে। ফলে গ্রামে-গঞ্জে তরুণদের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। এরই ধারাবাহিকতায় ফ্রিল্যান্সারা বেশি বেশি আয় করছে। তাদের উপার্জিত অর্থে আমাদের রেমিট্যান্স দিন দিন সমৃদ্ধি হচ্ছে। যার অবদান সরাসরি দেশের অর্থনীতিতে পড়ছে।
ডিজিটাল দেশ গঠনে সরকার নানা ধরনের প্রকল্প গ্রহণ করেছে উল্লেখ করে এম এ মান্নান আরও বলেন, বিশ্ব বাজারে বাংলাদেশের ছেলে-মেয়েরা স্বাধীনভাবে কাজ করছে এটা বড় অর্জন। বর্তমান সরকার এই ব্যবস্থা করে দিয়েছে। আমাদের দেশের ছেলে-মেয়েরা অনেক মেধাবী, স্মার্ট। তারা সহজেই ফ্রিল্যান্সিং কাজটি করতে পারে, এটা আমাদের জন্য একটা ভালো দিক।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com