রুশ হামলা মোকাবেলায় ইউক্রেনে আরও ৮০ কোটি ডলার সমমূল্যের অস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এসব অস্ত্রের মধ্যে ভারী অস্ত্রও থাকবে। পূর্ব ইউক্রেনে সম্ভাব্য বড় ধরনের রুশ হামলার আগে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ ঘোষণা এল। আলজাজিরা জানায়, স্থানীয় সময় বুধবার জো বাইডেন এ ঘোষণা দেন।
এক বিবৃতিতে বাইডেন বলেন,‘ইউক্রেনে অস্ত্র পাঠানোর ক্ষেত্রে বিরতি দিতে পারি না। আমি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আশ্বস্ত করেছি, স্বাধীনতার জন্য লড়াইরত ইউক্রেনের সাহসী মানুষের পাশে আমেরিকার জনগণ আছে।’
গত ২৪ ফেব্রুয়ারি থেকে রুশ হামলা শুরুর পর এখন পর্যন্ত মোট ২৫০ কোটি ডলারের সামরিক সহায়তা করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে কামান ব্যবস্থা, গোলাবারুদ, সাঁজোয়া যান ও প্রতিরক্ষা নৌযানও রয়েছে। ইউক্রেনে আরও হেলিকপ্টার পাঠানোর অনুমোদন দিয়েছেন জানিয়ে বাইডেন বলেন, রাশিয়ার আগ্রাসনের মুখে লড়াইরত ইউক্রেনের জন্য এসব অস্ত্র গুরুত্বপূর্ণ।
আলজাজিরা জানায়, যুক্তরাষ্ট্র ইউক্রেনে নতুন করে যে সামরিক সহায়তার ঘোষণা দিয়েছে, এর আওতায় ইউক্রেনে ১১টি এমআই-১৭ হেলিকপ্টার রয়েছে। এ ছাড়া ১৫৫এমএম হোইৎজার ১৮টি, কামানের গোলাবারুদ ও কামান বিধ্বংসী রাডার ৪০ হাজার, সাঁজোয়া যান ২০০টি এবং আরও ৩০০টি সামরিক ড্রোন।
এই প্রথমবারের মতো ইউক্রেনকে হোইৎজার ট্যাংক সরবরাহ করছে যুক্তরাষ্ট্র। তবে এইসব অস্ত্র চালাতে ইউক্রেনের সেনাদের বাড়তি প্রশিক্ষণের প্রয়োজন পড়বে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের মুখপাত্র জন কিরবি। কারণ এসব অস্ত্র চালাতে ইউক্রেনের সেনারা দক্ষ নন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com