শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগর উপজেলার বাঘড়ায় মো. সুমন হোসেন (৪০) নামে ৩ সন্তানের জনক আত্মহত্যা করেছে। পরিবারের লোকজনের দাবী আইপিএল ক্রিকেট জুয়া খেলায় টাকা হেরে পাওনাদারদের চাপের মুখে আত্মহত্যার পথ বেছে নেয়। সুমন হোসেন ওই এলাকার মৃত আক্তার হোসেনের ছেলে। শনিবার দিবাগত গভীর রাতে বাঘড়ার গোয়াল বাড়িতে এ আত্মহত্যার ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সুমন ঘরের আড়ার সাথে গলায় লুঙ্গি পেচিয়ে ফাঁস দেয়। সে ১ কন্যা ও ২ পুত্র সন্তানের জনক। সকালে বাঘড়া পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই ইলিয়াস ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন। সুমন হোসেন গত ৪ বছর আগে সৌদি আরব থেকে দেশে আসে। দেশে এসে সুমন আইপিএল ও ক্রিকেট জুয়া খেলায় আসক্ত হয়। এলাকায় আইপিএল জুয়া খেলার একাধিক সিন্ডিকেট রয়েছে। সিন্ডিকেটের সদস্যরা মোবাইল ফোন ও আ্যাপস্’র মাধ্যমে জুয়ার টাকা লেনদেন করে। এলাকাবাসী আরো জানায়, সিন্ডিকেটটির অন্যতম সদস্য বাঘড়া বাজারে বিকাশ ব্যবসায়ী উত্তমের দোকানে জুয়ার এসব টাকার লেনদেন হয়।
এ বিষয়ে জানতে উত্তম দাসের মোবাইল ফোনে (০১৮৩৯৫৯৫৭৩৫) কথা বলার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। স্থানীয় ইউপি সদস্য মো. নুর জামানের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি লোকমুখে শুনেছি ক্রিকেট জুয়া খেলার সাথে উত্তমের সম্পৃক্তা রয়েছে। এলাকার অনেকেই তা জানেন।
সুমনের স্ত্রী নার্গিস বেগম বলেন, আইপিএল জুয়া খেলা নিয়ে বিভিন্ন জনের সাথে প্রায় সময়ই মোবাইল ফোনে কথা বলতে দেখা যেতো। প্রথম রোজার সাহ্রী খেতে উঠে দেখি ফাঁস অবস্থায় ঘরের আড়ায় স্বামীর দেহ ঝুলে থাকতে।
এ ব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় ইউডি মামলা দায়ের হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com