রাজধানীর শাহজাহানপুরে দুর্বৃত্তের গুলিতে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম ও কলেজছাত্রী প্রীতি নিহত হওয়ার ঘটনায় আসামি শনাক্তে কাজ করছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।র্যাব বলছে, ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজ দেখে তারা আসামি শনাক্তের চেষ্টা চালাচ্ছে। ইতোমধ্যে এ কাজে তারা অনেক দূর এগিয়েছে। খুব দ্রুত ঘটনার মোটিভ ও আসামিদের গ্রেফতার করা হবে।
শুক্রবার (২৫ মার্চ) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সংস্থাটর লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংইয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব কথা জানান। কমান্ডার খন্দকার আল মঈন বলেন, শাজাহানপুর খিলগাঁও রেলগেটের আগে একটি মাইক্রোবাস সিগন্যালে ছিল। সেই মুহূর্তে একজন দুষ্কৃতকারী হেলমেট ও মাস্ক পরা অবস্থায় মাইক্রোবাসটির বাম পাশ দিয়ে গুলি চালায় এবং জাহিদুল ইসলাম টিপু ও তার গাড়িচালক ঘটনাস্থলে আহত হন।
তিনি বলেন, সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে মাইক্রোবাসের ডানপাশে রিকশায় প্রীতি নামে এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হন। সেখানে স্থানীয়রা তাদের আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক টিপু ও ওই শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, এ হত্যাকাণ্ডের ঘটনায় বেশকিছু ফুটপ্রিন্ট, আলামত ও সিসিটিভি ফুটেজ পেয়েছি। এছাড়া বেশকিছু মোটিভ র্যাবের কাছে এসেছে। এই মোটিভগুলো পর্যালোচনা করছি। যে গুলি করেছে তাকেও সিসিটিভি ফুটেজের মাধ্যমে শনাক্ত করার চেষ্টা করছি। র্যাব ছাড়াও পুলিশের একাধিক ইউনিট কাজ করছে।
এদিকে এ ঘটনায় আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুর স্ত্রী ফারহানা ইসলাম ডলি বাদী হয়ে থানায় মামলা করেছেন।
প্রসঙ্গত, বৃহস্পতিবার সোয়া দশটার দিকে শাহজাহানপুর এলাকায় টিপুর মাইক্রোবাস লক্ষ্য করে গুলি ছুড়ে হেলমেট পরা দুর্বৃত্তরা। এতে টিপু ও তার গাড়িচালক মুন্না গুলিবিদ্ধ হন। এ সময় রিকশায় বসে থাকা সামিয়া আফরিন ওরফে প্রীতি নামে এক কলেজছাত্রীও গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ অবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক টিপু ও প্রীতিকে মৃত ঘোষণা করেন। নিহত টিপু মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। প্রীতি বদরুন্নেসা কলেজের শিক্ষার্থী ছিলেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com