দেশজুড়ে

শ্রীনগরে ট্রাক চাপায় সাবেক সেনা সদস্যর মৃত্যু

আরিফুল ইসলাম শ্যামল: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের কামারগাঁও পাকা ব্রিজে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক মো. মুক্তার হোসেন (৫০) নামে অবসর প্রাপ্ত সেনা সদস্যর মৃত্যু হয়েছে।

সে ওই এলাকার দাড়োগা বাড়ির মৃত আব্দুল রাজ্জাক বেপারীর পুত্র। মুক্তার হোসেন বাংলাদেশ সেনাবাহিনীর সার্জেন্ট পদে কর্মরত ছিলেন। ১ বছর পূর্বে তিনি অবসর গ্রহন করেন। সোমবার দুপুর দেড়টার দিকের এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

এলাকাবাসী জানায়, সার্জেন্ট মুক্তার হোসেন মোটরসাইকেল (ঢাকা মেট্রো ল-২৪৭৬৪৬) চালিয়ে আল-আমিন বাজারের দিকে যাচ্ছিল। এ সময় কামারগাঁও পাকা ব্রিজে অপরদিক থেকে আসা বেপরোয়াগতির ইট বোঝাই একটি ট্রাক (ঢাকা ঠ-২৪১৫৪৬) মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মুক্তার হোসেনের মৃত্যু হয়।

শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. মাহফুজ রিবেন জানান, লাশ উদ্ধার করে শ্রীনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে শ্রীনগর থানার ডিউটি অফিসার এসআই তন্ময় মন্ডল জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ মর্গে প্রেরণ করার প্রস্তুতি চলছে। চালক পলাতক রয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ