দক্ষিণ আফ্রিকার মাটিতে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। সেঞ্চুরিয়নে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি জেতার মাধ্যমে প্রথমবারের মতো কোন ফরম্যাটে জয় পেলো বাংলাদেশ। টাইগারদের এই অসাধারণ জয়ের জন্য ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (১৯ মার্চ) বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং শায়রুল কবির খান মহাসচিবের এ অভিনন্দন বার্তার কথা জানান।
তিনি বলেন, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বাংলাদেশ ক্রিকেট দল জয়লাভ করায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় দলের খেলোয়াড়সহ সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এসময় এমন জয়ের ধারাবাহিকতা থাকবে বলেও তিনি প্রত্যাশা করেন।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের মাঠে এর আগে টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি মিলিয়ে ১৯ ম্যাচে খেলেও কোনও জয় পায়নি বাংলাদেশ। তবে শুক্রবার সেঞ্চুরিয়নে নিজেদের ২০তম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে ৩৮ রানের জয় পায় বাংলাদেশ।
টসে হেরে আগে ব্যাট করে বাংলাদেশ ৭ উইকেটে ৩১৪ রান করে। টাইগারদের পক্ষে সাকিব আল হাসান ৭৭, লিটন দাস ও ইয়াসির আলী ৫০ রান করে আউট হন। জবাবে দক্ষিণ আফ্রিকা ২৭৬ রানে অল আউট হয়ে যায়। বাংলাদেশের পক্ষে মেহেদী মিরাজ ৪টি, তাসকিন ৩টি ও শরিফুল ১টি করে উইকেট শিকার করেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com