দেশজুড়ে

সিরাজগঞ্জ মহাসড়কের দীর্ঘ যানজটে বিড়ম্বনার মধ্যে উত্তরবঙ্গ বাসী

ওমর ফারুক ভুইয়া, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক থেকে হাটিকুমরুল গোল চত্তর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। বেশ কয়েকদিন ধরেই এই যানজটের সৃষ্টি হচ্ছে বর্তমানে এর ফলে সিরাজগঞ্জ শহরের বিভিন্ন আঞ্চলিক মহাসড়ক গুলোতেও যানজট তৈরি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে সিরাজগঞ্জ বাসী সহ ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের যাত্রী ও যানবাহন। শুক্রবার (১৮ মার্চ) সরকারি ছুটি থাকায় মহাসড়কে যানবাহনের চাপ আরও বেশি ছিল যার কারণে সকাল থেকে যানজট বাড়তে থাকে।

ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের সিরাজগঞ্জের নলকা সেতুর সংস্কার কাজ ও চার লেনের কাজ চলমান থাকায় এক পাশ দিয়ে যান চলাচল করার কারনে কয়েক দিন ধরে এই যানজট দেখা দিয়েছে। এতে করে বিড়ম্বনার মধ্যে পড়েছেন সিরাজগঞ্জ সহ উত্তর বঙ্গবাসী।

হাটিকুমরুল ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. রফিকুল ইসলাম জানান, নলকা সেতুর সংস্কার কাজের জন্য এক পাশ দিয়ে যান চলাচল করাতে হচ্ছে। এতে একদিকের গাড়ি বন্ধ রেখে আরেক দিকের গাড়ি চলছে। এর কারণে মহাসড়কে যান চলাচল ধীরগতি ও যানজটের সৃষ্টি হচ্ছে। মহাসড়কে যানজট থাকায় বিভিন্ন যানবাহন সিরাজগঞ্জ শহরের ভিতর ও কয়েকটি আঞ্চলিক সড়ক ব্যবহার করছে যার কারণে শহরের বিভিন্ন আঞ্চলিক সড়কগুলোতেও যানজট দেখা দিয়েছে।

ঢাকা থেকে রাজশাহীগামী সোনারতরী এক্সপ্রেসের যাত্রী মোহাম্মদ ইউসুফ জানান, কয়েকদিন ধরে শুনছি সিরাজগঞ্জ মহাসড়কে যানজট সৃষ্টি হচ্ছে, তার পরও শুক্রবার ও শনিবার সরকারি ছুটি পাওয়ায় বাড়িতে যাচ্ছি। টাঙ্গাইল থেকেই ধীরগতিতে গাড়ি আসলেও এলেঙ্গা থেকে দীর্ঘ যানজটের মধ্যে পড়েছি। বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পর গাড়ি দিয়ে গেল এখন চলছেই না ১০ মিনিটের সড়ক অতিক্রম করতে লাগছে দুই ঘণ্টা। কখন বাড়ী পৌঁছবো তার ঠিক নেই।

কামারখন্দ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহীনুর কবীর জানান, মহাসড়কে চার লেন নির্মাণ ও নলকা সেতুর সংস্কার কাজ চলমান থাকায় এক লেন দিয়েই ঢাকাগামী ও উত্তরবঙ্গগামী যানবাহন চলাচল করছে। এতে সয়দাবাদ থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত উভয় লেনে মাঝেমধ্যে এক লেনে যানজটের সৃষ্টি হচ্ছে। এ যানজট কখনো ধীরগতিতে রূপ নিচ্ছে।

তিনি আরও জানান, আগামী দুই তিন দিনের মধ্যে নলকা সেতুর কাজ কিছুটা সম্পন্ন হলে যানবাহন চলাচল স্বাভাবিক হবে। তবে যানজট নিরসনে পুলিশ কাজ করছে।

এই বিভাগের আরও সংবাদ