ঢাকা প্রিমিয়ার লিগকে (ডিপিএল) কেন্দ্র করে অনুশীলন শুরু করেছেন মাশরাফী বিন মোর্ত্তজা। আগের আসরে শেখ জামাল ধানমন্ডির হয়ে খেলা এই ক্রিকেটারকে এবার দেখা যাবে লিজেন্ডস অব রূপগঞ্জের জার্সিতে।
এরই মধ্যে মাঠে গড়ানো এবারের ডিপিএলে মাশরাফীর লিজেন্ডস অব রূপগঞ্জ আগামীকাল শুক্রবার (১৮ মার্চ) শেখ জামাল ধানমন্ডির বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে। ডিপিএলে দলবদলের পর চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন ম্যাশ। সেখান থেকে ফিরেই আজ মাঠে নেমে পড়লেন।
জাতীয় দলের ক্রিকেট থেকে অনেক দূরে ম্যাশ। যদিও তিনি খেলেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটে। এর আগে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে দলবদল করতে এসে মাশরাফী বলেছিলেন, ‘শেষবার আমি শেখ জামাল ধানমন্ডির হয়ে খেলেছিলাম, এক ম্যাচ খেলার পর করোনা আসে। তখন টুর্নামেন্ট বন্ধ হয়ে যায়। খুবই ভালো লাগছে। শুধু আমার নয়। আমি নিশ্চিত, প্রিমিয়ার লিগ যারা খেলে, বাংলাদেশের বেশির ভাগ ক্রিকেটারই তো এই লিগটা খেলে। তারা সবাই আনন্দিত হবে যে আবারও টুর্নামেন্টটা শুরু হতে যাচ্ছে।’
মাশরাফী বলেন, ‘টি-টোয়েন্টি থেকে অনেক আগেই অবসরে গিয়েছি। ওয়ানডেই আমি সবসময় খেলে এসেছি এবং আমার ফোকাস ছিল। এটা নির্ভর করে একজন নির্দিষ্ট খেলোয়াড় নির্দিষ্ট ফরম্যাটে কীভাবে মানিয়ে নেয়। ওয়ানডে ক্রিকেটই আমি সবসময় খেলে এসেছি এবং আমি বুঝিও ভালো, আমার জন্য সহজও।’
এদিকে, দীর্ঘদিন জাতীয় দলের বাইরে আছেন। ব্যস্ততা বেড়েছে রাজনৈতিক অঙ্গনেও। তবে ভক্তদের আশা দেশসেরা সফল অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা আবারও জাতীয় দলের জার্সিতে ফিরবেন বাইশ গজে। কিন্তু আসলে তিনি কী ভাবছেন?
মাশরাফীর কাছে প্রশ্ন রাখা হয়, অনেকের বিশ্বাস যে বিশ্বকাপের জন্য এখনো প্রস্তুত আছেন আপনি। ম্যাশ পাল্টা প্রশ্ন করেন কোন ওয়ার্ল্ড কাপ? ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ। ফিরবেন কি না? এমন প্রশ্ন সরাসরিই উড়িয়ে দিয়েছেন ‘নড়াইল এক্সপ্রেস’। তিনবার ‘না’ বলে বললেন, ‘এ ধরনের চিন্তা আমার নেই। আমি আগেও বলেছি যে, আমি ক্রিকেটটা উপভোগ করি, তাই খেলা চালিয়ে যাচ্ছি।’
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com