দ্রব্যমূল্য বৃদ্ধিতে কিছু অসাধু ব্যবসায়ী ও বিএনপির বড় বড় কিছু ব্যবসায়ী জরিত রয়েছে অভিযোগ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ এম.পি বলেন, কিছু ব্যবসায়ী পরিস্থিতির সুযোগ নেয়। সরকার সেসব ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে। মির্জা ফখরুল আর রিজভী সাহেব শুধু দলীয় কার্যালয়ে বসে থাকেন। সেজন্য তারা নানা উদভ্রান্তের মত কথা বলেন।
বুধবার দুপুরে ঠাকুরগাঁও বিডি হলে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় এসব কথা বলেন তিনি।
বিএনপি নির্বাচনকে ভয় পায় উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, বিএনপি কয়েকটি কারণে নির্বাচনকে ভয় পায়। প্রথমত তাদের জ্বালাও পোড়াও রাজনীতির কারণে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আরেকটি বিষয় হচ্ছে বেগম খালেদা জিয়া ও তারেক জিয়া দুজনেই দন্ডপ্রাপ্ত আসামী, এ কারণে তারা নির্বাচনে অংশগ্রহন করতে পারবে না। সেজন্য বিএনপির নির্বাচন নিয়ে কোন আগ্রহ নেই।
তিনি আরো বলেন, দ্রব্যমূল্যের বৃদ্ধি নিয়ন্ত্রনে সরকার কাজ করে যাচ্ছে। আমরা মন্ত্রীরা মাঠ পর্যায়ে গিয়ে জনগনের কথা শুনছি। বিএনপি সব বিষয় নিয়ে মানুষের মাঝে বিভ্রান্ত ছড়াতেই ব্যস্ত রয়েছে। দ্রব্যমূল্যে এই করোনার কারণে এবং যুদ্ধের কারণে বৃদ্ধি পেয়েছে। প্রধানমন্ত্রীর সরকার এই দ্রব্যেমূল্যে নিয়ন্ত্রনে কাজ করে যাচ্ছে।
ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি মুহা. সাদেক কুরাইশীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১ আসনের এমপি রমেশ চন্দ্র সেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, সদস্য অ্যাড হোসনে আরা লুৎফা ডালিয়া ও জেলার স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com