কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে ধর্ষণসহ একাধিক মামলার আসামীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চরসাদিপুর গ্রামের পিএসএস মাধ্যমিক বিদ্যালয়ের পেছনে ৫০০ বিঘার মাঠ থেকে রুহুল সর্দার (৪০) নামে ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. জাবীদ হাসান নিশ্চিত করেছেন।নিহত রুহুল সর্দার চরসাদিপুর গ্রামের মুনতাজ সর্দারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলের দিকে চরসাদিপুর গ্রামের পিএসএস মাধ্যমিক বিদ্যালয়ের পেছনে ৫০০ বিঘার মাঠে রুহুলের গলা কাটা মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে অবগত করলে পুলিশ ঘটনাস্থলে যায়।
পরে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। রুহুলের মরদেহের পাশে রক্ত ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিরোধের জের ধরেই রুহুলকে হত্যা করা হয়েছে। রুহুল মাদক ও অস্ত্র কারবারিসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে জানা যায়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. জাবীদ হাসান বলেন, রুহুলের বিরুদ্ধে ধর্ষণসহ একাধিক মামলা রয়েছে। কে বা কারা তাকে গলা কেটে হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। অপরাধী যেই হোক তাকেও আইনের আওতায় আনা হবে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ঘটনায় এখনো মামলা হয়নি ও কাউকে আটক করা হয় নাই। নিহতের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com