শ্রীনগরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে চালকের মৃত্যু


শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তামিম (২৭) নামে এক চালকের মৃত্যু হয়েছে। এ সময় হিরা (২২) নামে এক আরোহী আহত হন। গত শনিবার রাত সোয়া ৮ টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কামারখোলা বাস স্ট্যান্ডের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত তামিম শ্রীনগর উপজেলার বেলতলী গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র ও আহত হিরা পার্শ্ববর্তী সিংপাড়া গ্রামের বাবু’র কন্যা।
স্থানীয়রা জানায়, মাওয়ার দিক থেকে কামারখোলায় এসে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে চালকসহ আরোহী সড়কে ছিটকে পরে। এ সময় বাইকের চালক গুরুতর আহত হয়। সম্পর্কে তারা মামাত ও ফুপাত ভাই বোন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ মো. ইব্রাহীম জানান, হাসপাতালে আনার আগেই যুবকের মৃত্যু হয়। আরোহী ওই নারীকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। এ ব্যাপারে হাঁসাড়া হাইওয়ে থানার এসআই মো. আনিছুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দ্রুতগতির মোটরসাইকেলটির গতি বেশী থাকার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে। লাশটি হাইওয়ে পুলিশের হেফাজতে আছে।



