দেশজুড়ে

বেড়েছে তাপমাত্রা, কমেছে শীত

দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলাসহ আশেপাশের এলাকাগুলোতে গত দু’দিন থেকে বেড়েছে তাপমাত্রা, কমেছে শীতের প্রকোপ। মধ্যরাত থেকে হালকা কুয়াশা পড়লেও শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকেই দেখা দিয়েছে সূর্য। রোদের তেজও রয়েছে। কাজে ফিরেছেন কৃষকরা। রাস্তায় এবং হাটবাজারগুলোতে চোখে পড়ার মতো লোকজনের সমাগম দেখা গেছে।

অটোচালক ধীরেণ জানিয়েছেন, গতকাল সারাদিন সূর্যের দেখা মিলেনি, যার জন্য কাজে বের হতে পারিনি। তবে আজ সকাল থেকেই রোদের দেখা মিলেছে, শীতের প্রকোপও কেটে গেছে। রাস্তায় গাড়ি নিয়ে বের হয়েছে।

দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, শুক্রবার (১১ ফেব্রুয়ারি) দিনাজপুরে চুড়ান্ত সর্বনিম্ন তাপমাত্রা ১৫.০ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও সৈয়দপুরে ১৪.০, তেঁতুলিয়াতে ১১.৬, রংপুরে ১৫.৭, কুড়িগ্রামে ১৬.১, ডিমলায় ১৬.০, নওগাঁতে ১৬.৫, রাজশাহীতে ১৫.৬, শ্রীমঙ্গলে ১২.০, যশোরে ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ণয় করা হয়েছে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা সীতাকুন্ডে ১১.৫ ডিগ্রি সেলসিয়াস।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় দিনাজপুরসহ দেশের কিছু কিছু স্থানে হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। দিনাজপুরে বৃষ্টির পরিমাণ ছিল ০.৪ (শূন্য দশমিক চার) মিলিমিটার এবং সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ঈশ্বরদীতে (পাবনা) ১১ মিলিমিটার। শুক্রবার থেকে উত্তরের হিমেল বায়ু আবারও কিছুটা সক্রিয় হতে পারে, যার কারণে আগামী ২ থেকে ৩ দিনে রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে।

এই বিভাগের আরও সংবাদ