জাতীয়

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও এক সপ্তাহ বাড়তে পারে

শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি ৬ ফেব্রুয়ারির পর আরও এক সপ্তাহ বাড়তে পারে। দেশে করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রনের ঊর্ধ্বমুখী সংক্রমণ ও বিস্তার রোধে গত ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়।

বুধবার (০২ ফেব্রুয়ারি) গণমাধ্যমকর্মীদের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। করোনাসংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি আরও কিছুদিন দেখার পক্ষে মত দিয়েছে। যেহেতু করোনার সংক্রমণ এখনো প্রায় ৩০ শতাংশ। এ জন্য হয়তো ৬ ফেব্রুয়ারির পর আরও এক সপ্তাহ দেখা যেতে পারে।

শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, এ সংক্রান্ত টেকনিক্যাল কমিটি ছুটি বাড়বে কিনা এই বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেবে এবং পরে তা জানিয়ে দেওয়া হবে।

এর আগে, আগামী ৬ ফেব্রুয়ারির পর আংশিকভাবে পুনরায় শিক্ষাকার্যক্রম শুরুর আভাস পাওয়া গিয়েছিল। শিক্ষাপ্রতিষ্ঠান ও পরীক্ষাসংক্রান্ত বেশ কয়েকটি সিদ্ধান্তের কারণে ৬ ফেব্রুয়ারির পর আংশিকভাবে পুনরায় শিক্ষাকার্যক্রম শুরুর আভাস মেলে।

এর মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু স্থগিত পরীক্ষা ৭ ফেব্রুয়ারি থেকে পুনরায় শুরুর ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে অধিক প্রতিযোগিতাপূর্ণ ভর্তি পরীক্ষাগুলোর মধ্যে অন্যতম মেডিক্যাল ও ডেন্টালের ভর্তি পরীক্ষারও তারিখ ঘোষণা করা হয়েছে।বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে আলাপ করে জানা যায়, জানুয়ারি মাসের পুরো সময়টাই মূলত শিক্ষার্থী ভর্তি ও বই বিতরণের কাজে চলে যায়। কিন্তু এ বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণায় অনেক কাজেই বিলম্বিত হচ্ছে।

তবে ফেব্রুয়ারির ৬ তারিখের পর অনেক কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থী ভর্তির কার্যক্রম পুনরায় শুরুর অনুমতি চান প্রতিষ্ঠান প্রধানরা। একই সঙ্গে আসন্ন এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের স্বল্পপরিসরে ক্লাস শুরুরও দাবি জানান অভিভাবকদের অনেকে।

এই বিভাগের আরও সংবাদ