করোনাভাইরাস নিয়ন্ত্রণে প্রয়োজন হলে অন্য অনেক দেশের মতো বাংলাদেশও টিকার বুস্টার ডোজ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, এ বিষয়ে সরকারের চিন্তা রয়েছে। বেশিরভাগ মানুষকে টিকার আওতায় নিয়ে আসার পরই বুস্টার ডোজ দেওয়ার বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।
মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সৌদি আরবের কাছ থেকে অ্যাস্ট্রাজেনেকার উপহারের টিকা হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশকে ১৫ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দিয়েছে সৌদি আরব। অনুষ্ঠানে সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসেফ ইসা আলদুহাইলান স্বাস্থ্য ও পররাষ্ট্রমন্ত্রীর কাছে ওই টিকা হস্তান্তর করেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা ২১ কোটি টিকা কিনেছি। এর মধ্যে ১১ কোটি টিকা দেশে এসেছে। বাংলাদেশ কোভ্যাক্সের আওতায় ৯ কোটি টিকা পেয়েছে। প্রতিদিন আমরা ১৫ লাখ লোককে টিকা দিচ্ছি। তবে প্রতিদিন আমাদের ৮০ লাখ লোককে টিকা দেওয়ার সক্ষমতা রয়েছে।’
বুস্টারডোজ বিষয়ে মন্ত্রী বলেন, ‘বুস্টার ডোজের প্রয়োজন হলে সেটা অবশ্যই দেওয়া হবে। শুধু প্রবাসীদের নয়, দেশে যখন আমরা সবাইকে টিকা দিতে পারব, তখন টেকনিক্যাল কমিটির পরামর্শ অনুযায়ী বুস্টার ডোজ দেওয়া হবে। ঝুঁকিপূর্ণদের দিয়ে বুস্টার ডোজ শুরু হবে।’
সিনোভ্যাক ও সিনোফার্মের টিকা নিয়ে সৌদি আরব গেলে কোয়ারেন্টিনের প্রয়োজন হয় জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা সৌদি আরবকে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করেছি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়া।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com