রাজনীতি

এনডিএমের নেতাকর্মীদের সাথে ববি হাজ্জাজ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইয়ামিন হোসেন,ভোলা: ১৩ নভেম্বর, ২০২১ইং রোজঃ শনিবার বিকাল ৩.০০ ঘটিকায় জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম কেন্দ্রীয় নির্বাহী কমিটি কর্তৃক আয়োজিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের এনডিএম-এ যোগদান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর মালিবাগে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, ” চলমান ইউপি নির্বাচনে সহিংসতা আর হত্যার দায় এড়াতে পারে না হুদা কমিশন। শপথ ভংগ এবং দায়িত্ব অবহেলার জন্য বর্তমান নির্বাচন কমিশনকেও সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার মত একদিন আসামীর কাঠগড়ায় দাঁড়াতে হবে৷ তবে এত দুঃসংবাদের মধ্যেও নারায়ণগঞ্জের এক র‍্যাব কর্মকর্তা প্রমাণ করে দিয়েছেন পুলিশ ছাড়া শামীম ওসমানদের “খেলা” হবে না৷

তিনি বলেন, জনগণের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে৷ প্রাথমিক জ্বালানি হিসাবে বিবেচিত ডিজেলের মূল্য থেকে সরকার যে শুল্ক এবং মূল্য সংযোজন কর আদায় করে তা কতখানি যৌক্তিক? ঢাকা মহানগর এবং দূরপাল্লার সিএনজি চালিত বাসগুলোও বাড়তি ভাড়া আদায় করছে৷ করোনা পরবর্তী অর্থনৈতিক মন্দাভাব কাটিয়ে না উঠতেই জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি জনগণের গালে চপেটাঘাতের সমান। দ্রব্যমূল্যের এত উচ্চমূল্য স্বাধীনতার পর সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে৷

এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন,আমরা বিশ্বাস করি, সরকার নিশ্চিতভাবে ভুল পথে হাঁটছে৷ দেশের নির্বাচন ব্যবস্থাকে জাদুঘরে পাঠিয়ে এবং জনগণের অর্থনৈতিক দুরাবস্থার কথা না ভেবে তাঁরা দেশকে অস্থিতিশীল করে তুলছে। দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে বর্তমান পরিস্থিতির প্রতি সজাগ দৃষ্টি রেখে প্রয়োজন অনুসারে রাজপথে লাগাতার কঠোর কর্মসূচি ঘোষণা করতেও পিছপা হবে না এনডিএম।”

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক লায়ন নুরুজ্জামান হীরা, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক মোঃ শাহাদাত হোসেন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক এবং যুব আন্দোলনের কেন্দ্রীয় আহবায়ক হুসেইন মোঃ শাহাদাৎ,ভোলা জেলা এনডিএম এর আহ্বায়ক ইয়ামিন হাওলাদার প্রমুখ৷

এই বিভাগের আরও সংবাদ