বিয়ে না দেয়ায় যুবকের আত্মহত্যা

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে বিয়ে না দেয়ায় বাবার উপর অভিমান করে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে বাড়ির পাশের বাগানে গাছের সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করেছে বলে জানা গেছে।
নিহত যুবক উপজেলার বাগুলাট ইউনিয়নের শালঘর মধুয়া কাচারি পাড়া গ্রামের জামছের আলীর ছেলে ইমন আলী (২০)।
নিহতের পরিবার সুত্রে জানা যায়,ইমন ঢাকায় একটি আইসক্রিম কারখানায় কাজ করতো।করোনাকালীন সময়ে সে বাড়িতে চলে আসে।বেশ কিছুদিন যাবত বিয়ের জন্য সে তার বাবাকে চাপাচাপি করলে পার্শ্ববর্তী গ্রামে মেয়ে দেখে বিয়ের কথা পাকাপাকি করা হয় এবং আগামী বছর বিয়ের দিন ধার্য করে তার বাবা।কিন্তু এখনই বিয়ে দিতে হবে এমন চাপ সৃষ্টি করলে তার বাবা অমত পোষণ করে। যেকারণে ইমন মঙ্গলবার রাতের কোন এক ভাগে বাড়ির পাশের বাগানে গাছের সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করে। বুধবার সকাল ৭ টার দিকে প্রতিবেশী নারী বাগানে গেলে ইমনকে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করলে এলাকাবাসী স্থানীয় পুলিশ ক্যাম্পে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে তার নিথর দেহ উদ্ধার করে।
এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার জানান,বিয়ে না দেয়ায় ছেলে আত্মহত্যা করেছে এলাকাবাসী এমনই তথ্য দিয়েছে। তবে লাশ পোস্ট মার্টামের পর প্রকৃত ঘটনা জানা যাবে।এ বিষয়ে কুমারখালী থানায় ইউডি মামলা হয়েছে। লাশের ময়না তদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।



