কুমিল্লার ঘটনায় গ্রেফতার ৪১


কুমিল্লায় পূজামণ্ডপ ঘিরে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনায় চার মামলায় এ পর্যন্ত ৪১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৩ অক্টোবর) রাতে নগরীর নানুয়ার দিঘীরপাড় ও শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এছাড়া যার ভিডিও দেখে দ্রুত উত্তেজনা ছড়িয়ে পড়েছিল, তাকেও গ্রেফতার করেছে পুলিশ। তার নাম ফয়েজ আহমেদ। তাকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে গ্রেফতার করা হয়। আইসিটি আইনে তিনি একমাত্র আসামি। অন্য মামলাগুলোর মধ্যে দু’টি ভাঙচুর ও একটি ধর্ম অবমাননার অভিযোগে দায়ের করা হয়েছে। সবকটি মামলায় পুলিশ বাদী।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নানুয়ার দিঘীরপাড়ের পূজামণ্ডপ পরিদর্শন করেন জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল-মাহমুদ স্বপন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা, জেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের।
এদিন সকাল থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একাধিক টহল দল ঘটনাস্থল পরিদর্শন করে।
এ বিষয়ে আবু সাইদ আল-মাহমুদ স্বপন বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বাংলাদেশের সব ধর্মাবলম্বী মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করছে। কিন্তু কিছু দুষ্কৃতকারী উসকানিমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে। কুমিল্লায় পূজামণ্ডপে অনভিপ্রেত ঘটনা যেই ঘটাক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে।
গত মঙ্গলবার (১২ অক্টোবর) রাতে ওই দিঘীরপাড়ের একটি দুর্গাপূজার মণ্ডপে মূর্তির পায়ের নিচে কোরআন শরিফ রাখার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরদিন বুধবার সকালে দু’জন ব্যক্তি ৯৯৯-এ কল করে অভিযোগ করলে ঘটনাস্থলে গিয়ে বিষয়টির সত্যতা পায় কোতোয়ালি থানা পুলিশ। ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আন্ওয়ারুল আজিম কোরআন শরিফটি উদ্ধার করেন। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে ওইদিন সকাল থেকে বিক্ষুব্ধ জনতা নানুয়ার দিঘীরপাড়ে জড়ো হয়ে মিছিল করে এবং দু’টি মণ্ডপে ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও ফাঁকা গুলি ছোড়ে। ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন কুমিল্লা সিটি মেয়র মনিরুল হক সাক্কু, জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ কামরুল হাসান, জেলা পুলিশ সুপার (এসপি) ফারুক আহমেদ ও স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা।



