পুঠিয়ায় বেড়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম


পুঠিয়া প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়ায় অস্বাভাবিক ভাবে বেড়েছে নিত্যপুণ্য দ্রব্যের দাম। এতে বিপাকে পরেছে মধ্যেবিত্ত সহ সাধারণ শ্রমজীবী নিম্ন আয়ের মানুষ। গতবছর থেকে করোনার প্রভাবে মানুষ কর্মহীন হয়ে পড়েছে, নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের অনেকে সঞ্চয়ের শেষ অংশটুকু হারিয়ে পথে বসেছে। এসব মানুষ এখন দিশেহারা, তাদের এখন নুন আনতে পান্তা ফুরায় এমন অবস্থা।
এমন সময় মড়ার উপর খাঁড়ার ঘা হিসেবে দেখা দিয়েছে নিত্যপুণ্য দ্রব্যের বাজারদর। প্রায় সব নিত্যপণ্যের দাম এখন আকাশছোঁয়া। দরিদ্র মানুষের দীর্ঘশ্বাসে মিশে আছে একটি প্রশ্ন- আমরা সন্তানাদি নিয়ে বাঁচব কী করে? বাজারে চাল, ডাল, তেল,চিনি, পেঁয়াজ,সহ নিত্যপণ্যের দাম লাগামহীন। এর সঙ্গে এবার যোগ হয়েছে কাঁচ মরিচ বেগুন। সঙ্গে ভোজ্যতেল, ডিম, আদা, রসুন; সবজির উচ্চ দামও মানুষকে ভোগাচ্ছে। জীবনযাত্রার ব্যয় বাড়ার কারণে দৈনন্দিন চাহিদা মেটাতে সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে।
পুঠিয়ার বিভিন্ন খুচরা বাজারে প্রতি কেজি মোটা চালের মধ্যে স্বর্ণা জাতের চাল বিক্রি হচ্ছে ৪৮-৫০ টাকায়, যা এক মাস আগে বিক্রি হয়েছে ৪২-৪৪ টাকায়। চিকন চাল ৭২ টাকা, প্রতি কেজি মসুর ডাল (বড়দানা) বিক্রি হচ্ছে ৭৫-৭৮ টাকায়, যা এক মাস আগে ছিল ৬৮-৭০ টাকা। খোলা আটা প্রতি কেজি ৩০-৩৫ টাকা; এক মাস আগে বিক্রি হয়েছে ২৫-২৬ টাকায়। চিনি বর্তমানে ৯০ টাকা ও কাঁচা মরিচের দাম ২০০ টাকা কেজি।ভোজ্যতেলের মধ্যে খোলা সয়াবিন প্রতি লিটার বিক্রি হচ্ছে ১৬০ টাকায়; এক মাস আগে বিক্রি হয়েছে ৯৫ টাকায়। পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে ৭৮০ থেকে ৮০০ টাকায়, বাজারে দীর্ঘদিন ধরেই চড়া দামে বিক্রি হচ্ছে সবজি।
এদিকে দাম বাড়ানোর পেছনে নানা অজুহাত দেখাচ্ছেন ব্যবসায়ীরা। খুচরা চাল বিক্রেতারা দুষছেন মিলারদের। তারা বলছেন, মিলারদের কারসাজিতে এখনও চালের দর বাড়তি। তারা সিন্ডিকেট করে মিল পর্যায় থেকে সব ধরনের চালের দর বাড়িয়ে দিয়েছে। যে কারণে পাইকারি থেকে খুচরা পর্যায়ে চালের দর বেশি। এদিকে নাম প্রকাশ না করার শর্তে এক মুদি দোকানি বলেন আমরা চিনি তেল এগুলো কোম্পানির কাছ থেকে কিনি। তাদের লোকজন অর্ডার নিচ্ছে বেশি দামে। আর ভোক্তাদের চাহিদা অনুযায়ী আমাদের নিতে হচ্ছে বেশি দামে। আমাদের দাম বাড়ানোর কথা সঠিক নয়। সমাজের সচেতন ব্যাক্তিরা বলেন, উর্ধতন কর্মকর্তাদের বাজার মনিটরিং করা উচিত, না হলে আরো লাগামহীন হবে বাজার।



