দীর্ঘ ১৮ মাস বন্ধ থাকার পর আগামী ৯ অক্টোবর থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলগুলো খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
হল খুলে দেয়া হলেও ক্লাস শুরু হবে ২০ অক্টোবর থেকে। এক ডোজ টিকা নেয়া আবাসিক শিক্ষার্থীরা হলে উঠতে পারবেন। সোমবার রাতে জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, ‘আমরা ৯ অক্টোবর সকাল ১০টা থেকে শিক্ষার্থীদের হলে উঠাব। শুধু আবাসিক আইডিকার্ড আছে ও কমপক্ষে এক ডোজ টিকা নেয়া শিক্ষার্থীরা হলে উঠতে পারবেন।’ তিনি আরও বলেন, ‘আপাতত গণরুম থাকছে না। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সুবিধাসমূহও চালু করা হবে।’
সভায় উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের সভাপতিত্বে উপ-উপাচার্য ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, সিন্ডিকেট সদস্যরা ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com