রিয়াল মাদ্রিদকে আটকে দিয়েছে পয়েন্ট তালিকার মধ্যখানে থাকা ভিয়ারিয়াল। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে গোলশূন্য ড্র করেছে লস ব্লাঙ্কোসরা। রিয়ালের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে চলতি মৌসুমের লা লিগায় অপরাজেয় থাকার দৌড়টা চলমান রাখল ভিয়ারিয়াল। অন্যদিকে ড্র করেও শীর্ষস্থানে স্প্যানিশ জায়ান্টরা।
কোচ কার্লো আনচেলত্তির অধীনে লিগের প্রথম ৬ ম্যাচে ২১ গোল করে রিয়াল। মায়োর্কাকে ৬-১ ব্যবধানে হারানোর সুখস্মৃতি নিয়ে ভিয়ারিয়ালের মুখোমুখি হয়েছিল লস ব্লাঙ্কোসরা। কিন্তু এবার রিয়ালকে গোলের খাতাই খুলতে দেয়নি উনাই এমেরির দল।
ইস্কোর হেড ও করিম বেনজেমার শট রুখে দিয়ে ভিয়ারিয়ালের জাল অক্ষত রাখেন গোলরক্ষক গেরোনিমো রুলি। সুযোগ পেয়েছিল এমেরির শিষ্যরাও। আরনাউত দানহুমার দুটি চেষ্টায় বাধা হয়ে দাঁড়ান রিয়াল গোলরক্ষক থিবু কোর্তোয়া।
এ নিয়ে আনচেলত্তির অধীনে লা লিগায় প্রথম গোলশূন্য ড্র করল রিয়াল। যা সান্তিয়াগো বার্নাব্যুতে দ্বিতীয় মেয়াদে আসা ইতালিয়ান কোচের ৮৩ ম্যাচ পর প্রথম।
ড্র করলেও শীর্ষস্থানে আছে রিয়াল। ৭ ম্যাচে তাদের পয়েন্ট ১৭। তাদের চেয়ে ৩ পয়েন্ট কমে দ্বিতীয় স্থানে এস্পানিওলকে ২-০ গোলে হারানোর সেভিয়া। আলাভেসের কাছে ১-০ গোলে হেরে ১৪ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অ্যাতলেতিকো মাদ্রিদ।
৮ পয়েন্ট নিয়ে ভিয়ারিয়াল আছে ১০ম স্থানে। ৬ ম্যাচ খেলে মাত্র এক ম্যাচ জিতেছে এমেরির দল। বিপরীতে করেছে পাঁচ ড্র।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com