দেশজুড়ে

আড়িয়ালবিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান; ট্রলার আটক ও জরিমানা

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: আড়িয়ালবিলে ট্রলারে করে ভ্রমণের নামে উশৃঙ্খলতা ও লকডাউনের শর্ত ভঙ্গ করার অপরাধে দ্বিতীয় দিনের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়েছে। ২৪ জুলাই শনিবার বিকালে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ এই অভিযান পরিচালনা করেন।

এ সময় তিনি উপজেলার গাদিঘাট অংশে আড়িয়ালবিল থেকে ৪টি ট্রলার আটক করেন ও ২টি ট্রলারের যাত্রা বন্ধ করে দেন। ভ্রমণকারীদের মধ্যে বেশীর ভাগই অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় আদালত মুচলেকা নিয়ে তাদেরকে ছেড়ে দেন এবং একটি ট্রলারকে ৫শ’ টাকা জরিমানা করেন তিনি।

এছাড়াও একই দিন শ্যামসিদ্ধি এলাকার কয়কীর্ত্তণে একটি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হওয়ার খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণব কুমার ঘোষ ঘটনাস্থলে গিয়ে খেলাটি বন্ধ করে দেন।

জানা গেছে, করোনা মোকাবেলায় চলমান কঠোর লকডাউনের আইন ভঙ্গ করার অপরাধে উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ৮টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় জরিমানার মোট ৩ হাজার ৪শ’ টাকা আদায় করা হয়েছে।

এর আগে গত শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার ষোলঘর ও হাঁসাড়ার আলামপুর এলাকায় আড়িয়ালবিল সংলগ্ন খাল থেকে ভ্রমণকারীদের ২টি ট্রলার আটক করে প্রথমবারের মতো সর্ত সাপেক্ষে তাদেরকে সতর্ক করে দেওয়া হয়।

এই বিভাগের আরও সংবাদ